চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকার মুসাবিয়া স্থানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ কাঞ্চন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাঞ্চন ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার সুয়াবিল ইউনিয়নের হাজিরখীল শাহ আমানত পাড়ার মো. জালালের দ্বিতীয় ছেলে।
স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে কাঞ্চন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করেছে। তবে চালক পলাতক রয়েছে। ঘটনার তদন্ত চলছে।