সিরাজগঞ্জে মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিলে ৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর প্রায় ১২টার দিকে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের বানিয়াগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের আইল্যান্ডে সজোরে আঘাত করে এবং মাঝপথে আটকে পড়ে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যান। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।