বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় জুমা আক্তার নামে দুই বছর বয়সের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশু জুমা আক্তার ওই গ্রামের আক্রম আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির কাছে রাস্তার পাশে খেলাধুলা করছিল। এ সময় পাশের বাড়িতে গৃহ নির্মাণের জন্য ইট বুঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মোঃ ইকতার মিয়া জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।