কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা ছিলেন মোটরসাইকেলের চালক। মোটরসাইকেল, ট্রেন ও পাখি ভ্যানের সাথে সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী পাড়া এলাকায় আজিম উদ্দিন নামে এক যুবক নিহত হয়। এসময় আহত হয়েছে ভ্যানের চার যাত্রী। আজিম কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের লালাদাড়ি গ্রামের আবু মুসার ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, আজিম উদ্দিন মোটরসাইকেলে কুষ্টিয়া থেকে বাড়ি ফিরছিল। পথে একটি ব্যাটারিচালিত পাখি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রাস্তার উপর ছিটকে পড়ে আজিম মারা যান। আহত হন ভ্যানে থাকা চার যাত্রী। আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে একই দিন ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে শফিকুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তির। দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথের কুমারখালী রেলস্টেশনের পূর্বপ্রান্তে অবস্থিত ফুলতলায় অনুমোদনহীন রেলগেটে দুর্ঘটনার শিকার হয় সে। বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যায়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, দুপুর ১২টার দিকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি হর্ণ বাজিয়ে দ্রুতগতিতে রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। তখন এলজিইডি অফিসের নিরাপত্তাকর্মী শফিকুল ইসলাম মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে ফুলতলা মোড় পার হওয়ার চেষ্টা করেন। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, গুরুতর অবস্থায় শফিফুলকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। মাথা-পাসহ বিভিন্ন স্থানে আঘাত ছিল। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। শফিকুল কুমারখালীর সদকী ইউনিয়নের ঘাসখাল গ্রামের সেকেন্দার আলীর ছেলে।