নরসিংদী জেলা সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের নরসিংদীর বিলাসদী জিরো পয়েন্টে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবক মারা গেছে। গতকাল রোববার সকালে নরসিংদী শহরের বিলাসদী জিরো পয়েন্ট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন জানান , সকালে অজ্ঞাত এই যুবক বিলাসদী জিরো পয়েন্ট এলাকায় রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। তবে তাৎক্ষণিক ভাবে কেউ নিহতের পরিচয় জানাতে পারেনি। বিষয়টি পিবিআই নরসিংদীকে জানানো হলে তারা নিহতের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।