স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মিনিবাসের সংঘর্ষে অন্তত ২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে, যা কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দনা চৌরাস্তা থেকে কালিয়াকৈরের চন্দ্রার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তাকওয়া পরিবহনের একটি মিনিবাস কোনাবাড়ী ফ্লাইওভারের মাঝামাঝি পৌঁছালে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি রডবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মিনিবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। আহতদের কোনাবাড়ী সেন্ট্রাল হাসপাতাল, পপুলার হাসপাতালসহ আশপাশের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইফতেখার আহমেদ জানান, 'দাঁড়িয়ে থাকা একটি রডবাহী ট্রাকের পেছনে তাকওয়া পরিবহনের মিনিবাসটি ধাক্কা দেয়। এতে এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।'
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।