গত মঙ্গলবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী হাতিরঝিল জোনের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি এডভোকেট আতিকুর রহমান শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। মগবাজার আইডিয়াল স্কুল অডিটোরিয়ামে জোন পরিচালক ডা. সুলতান মাহমুদের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা মহিবুল্লাহ, অন্যান্যের মাঝে ছিলেন ঢাকা মহানগরী উত্তরের পরিবহন সভাপতি মোঃ কামাল উদ্দিন রায়হান, হাতিরঝিল জোনের ডিপুটি পরিচালক ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শফিকুল আলম খন্দকার, তেজগাঁও উত্তর থানা সভাপতি সাংবাদিক কাজী মজিবুর রহমান। সভায় বিভিন্ন থানা সভাপতি, সেক্রেটারী, কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দ্র ঘোষিত বায়তুলমাল ও সাংগাঠনিক পক্ষ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ কর্মসূচিতে সংগঠন মজবুতি, বায়তুলমাল অডিট তদারকি, কর্মীদের মান উন্নয়ন, প্রত্যেক ইউনিট সাংগাঠনিক মানে আনা, প্রতিটি প্রতিষ্ঠান ও বাজার এলাকায় কাজের অগ্রগতি এবং শ্রমিক সেক্টরে সংগঠনের ইউনিট বাড়ানোর কার্যক্রমে গুরুত্ব দেয়া হয়।
প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের অগ্রগতি, উন্নতি, উৎপাদনে শ্রমিকদের অবদান বেশি অথচ তারা আজ বেশী বঞ্চিত অবহেলিত। তারা ন্যায্য পাওনা পায় না, প্রতিদিন ৮ ঘন্টার স্থলে ১২ ঘন্টা শ্রম দেয়। তারা অর্থ সংকটে স্বাস্থ্য সম্মত আবাসন পায় না, পুষ্টিহীনতায় ভুগে, রোগাগ্রস্থ হলে সঠিক মানে চিকিৎসা নিতে পারে না। পরিবারের ছেলেমেয়েদের উচ্চমানের শিক্ষা দিতে পারে না। দেশের সাড়ে সাত কোটি শ্রমজীবী মানুষ। অথচ তারা অধিকার হারা। অপ্রতিষ্ঠানিক শ্রমিকরা আজ বঞ্চিত, সামাজিক মূল্যায়নে পশ্চাৎপদ। বয়োবৃদ্ধ হলে পরের দয়ার পাত্র হতে হয়। দেশের শিল্প প্রতিষ্ঠান গড়া, উৎপাদন এবং বৈদেশিক মুদ্রা আহরণ শ্রমিকদের ঘামলব্ধ টাকাই অর্জিত হয়। তিনি জোর দিয়ে বলেন, এখন থেকে প্রতিটি শ্রমিক আন্দোলনে শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অগ্রণী ভূমিকা রাখবে। তাদের প্রাপ্যতা আদায়ের সংগ্রামে সংগঠনের সকল কর্মীদের অংশগ্রহণের নির্দেশ দেন। বিশেষ অতিথি মহানগর উত্তর সভাপতি মাওলানা মহিবুল্লাহ শ্রমিক অঙ্গনে মালিক-শ্রমিক সম্প্রতি বজায় রেখে কাজ করার প্রতি গুরুত্ব দেন। সংগঠনের কাজের পরিধি ৩ গুণ বৃদ্ধি, প্রতি ইউনিটে ১০০ জনের তালিকা তৈরি ও যোগাযোগ করা এবং প্রতি ১০ জনের একটি করে ইউনিট স্থাপনের তাগিদ দেন। সভা শেষে সভাপতি ডাঃ সুলতান মাহমুদ সমাপতি বক্তব্য রেখে সভা শেষ করেন। প্রেস বিজ্ঞপ্তি