বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মহিলা সদস্য (রুকন) মাকসুদা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি গতকাল শনিবার এক শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাকসুদা বেগমের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে মহিলাদের মাঝে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

উল্লেখ্য, মাকসুদা বেগম লিভার জন্ডিসে আক্রান্ত হয়ে গত ২৩ এপ্রিল সন্ধ্যা ৬.৪৪ মিনিটে ৬৩ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তার স্বামী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। ২৪ এপ্রিল নিজ বাড়িতে জানাযা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।