বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (রেজি নং বি-২১৬৯)-এর কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান-এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু-এর পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি রোজিনা আক্তার, সহ-সভাপতি শহিদা সরকার, হারুনুর রশিদ, মিনারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক দিলারা বেগম, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল আমিনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, গার্মেন্টস শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এবং তাদের শ্রম ও অবদানের ওপরই দেশের রপ্তানি খাত অনেকাংশে নির্ভরশীল। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা সময়ের দাবি।
তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে এবং কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিকল্প নেই। গার্মেন্টস অধ্যুষিত এলাকাগুলোতে সক্রিয় কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও মজবুত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।