গণতন্ত্রের স্বার্থে আওয়ামী শাসন আমলের তিনটি বিতর্কিত নির্বাচন নিয়ে আরো পোস্টমর্টেম করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল মঙ্গলবার সিরডাপ কনফারেন্স সেন্টারে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হাসান আহমেদ চৌধুরী কিরণের নিবন্ধসমূহের সংকলন “ফিরে দেখা সেই সময়” বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক অবস্থান থেকে বিচ্যুতির কারণে ২০২৪ এর ৫ই আগস্ট শেখ হাসিনার যে চরম শিক্ষা হয়েছে তা এখন ইতিহাসের অংশ। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই ইতিহাস থেকে প্রাপ্ত শিক্ষা লাগাতার ভাবে চর্চা করবে বিএনপি সরকার। দল নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করে অবাধ নির্বাচনের যাত্রা অব্যাহত রাখা হবে। হাসান আহমেদ চৌধুরী কিরণের নিবন্ধ নিয়ে প্রকাশিত “ফিরে দেখা সেই সময়” প্রকাশনাটি ভবিষ্যৎ রাজনীতিতে এন্টি ভাইরাস হিসেবে কাজ করবে। যারা ইতিহাস চর্চা করেন, গবেষণা করেন তাদের নিকট এই বইটি একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।

ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ “ফিরে দেখা সেই সময়” প্রকাশনার প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, শেখ হাসিনা মনে করতো তার জীবদ্দশায় আর কেউ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। তিনি যতদিন বেঁচে থাকবেন তিনিই থাকবেন প্রধানমন্ত্রী। এই ধরণের বয়ান সেই সময়ে আওয়ামী লীগের মন্ত্রীÑএমপিদের বলতে শোনা গেছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, পিআইবির সাবেক মহাপরিচালক ড. আব্দুল হাই সিদ্দিক প্রমুখ।