পটিয়া আল-জামিয়াতুল ইসলামিয়া আরাবিয়া মাদরাসার (পটিয়া মাদরাসা) মুহতামিম মাওলানা আবু তাহের নদভী (৬৮)-এর নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টায় পটিয়া মাদরাসার মাঠে জানাযা শেষে থাকে মাদরাসার কবরস্থানে দাফন করা হয়। জানাযায় অংশ নিতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কয়েক হাজার মুসল্লি মাঠ প্রাঙ্গণে উপস্থিত হন। নামাজে ইমামতি করেন মরহুমের সন্তান মাওলানা মাহমুদুল হাসান।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

এছাড়া হেফাজতে ইসলামীর আমীর মহিবুল্লাহ বাবুনগরী, নানুপুর মাদরাসার মুহতামিম সালাহ উদ্দীন নানুপুরী, ঢাকা জামিয়া রহমানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, পটিয়া মাদরাসার মাওলানা শামসুদ্দীন জিয়া, মাওলানা আকতার হোসাইন আনোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামসহ অনেকে গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মরহুম আবু তাহের নদভী ২০২৪ সালে আল-জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৫ সালের অক্টোবরে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।