বাংলাদেশ জামায়াতে ইসলামীর চান্দগাঁও থানা উদ্যোগে কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঐতিহাসিক ৫ মে ২০১৩ সালের এই দিনে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলাম আয়োজিত সমাবেশে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে ধর্মপ্রাণ জনসাধারণের উপর গভীর রাতে নির্বিচারে গুলি করে শত শত মাদরাসা শিক্ষার্থীসহ অসংখ্য সাধারণ মানুষ কে হত্যা করেছিল। এখনো সেই কালো রাতের নৃশংসতার বিচার হয়নি। সেই দিনের বিচার নিশ্চিত করতে হবে। ৫ মে শাপলা চত্বরের হত্যাকা- জাতির বিবেককে নাড়া দিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের দ্রুত বিচারের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

তিনি বলেন, সন্ত্রাস, খুন, চাঁদাবাজি ও দখলবাজির মতো অপরাধ ক্রমেই বেড়ে চলেছে, যা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। তিনি এসব অপরাধ কর্মকা- অবিলম্বে বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসীদের সহিংস ঘটনার কথাও উল্লেখ করে বলেন, চট্টগ্রাম সিটি কলেজ, খুলশী সেগুনবাগান ইসলামী পাঠাগার ও ফয়েজ লেক এলাকায় সন্ত্রাসীদের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আহবান করেন। চান্দগাঁও থানা জামায়াতের আমীর মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে এতে থানা সেক্রেটারি মোহাম্মদ জসিম উদ্দিন সরকার, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ওমর গণি থানা কর্মপরিষদ সদস্য গাজী মো. ইসমাইল, মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, আব্দুল কাদের পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা সমাবেশে উপস্থিত ছিলেন।