২০২৫-২০২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ইতোমধ্যে ৪১ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গতকাল রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এনবিআর জানিয়েছে, চলতি করবর্ষ থেকে কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ফলে করদাতাদের মধ্যে ই-রিটার্ন ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এ পর্যন্ত ৫০ লাখের বেশি ব্যক্তিশ্রেণির করদাতা এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ইতোমধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় অনুমোদন করতে পারবেন।
করদাতাদের সুবিধার্থে সময় বাড়ানোর আবেদন ও অনুমোদনের পুরো প্রক্রিয়াটি এখন অনলাইন সিস্টেমে সম্পন্ন করা যাচ্ছে। করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘ঞরসব ঊীঃবহংরড়হ’ মেন্যু ব্যবহার করে সহজেই সময় বাড়ানোর আবেদন করতে পারছেন।
এনবিআর জানিয়েছে, এই উদ্যোগের ফলে সময় বৃদ্ধি সংক্রান্ত আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও করদাতাবান্ধব হয়েছে।