নাড়ির টানে ঘরে ফিরতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ । বৃষ্টি, তীব্র যানজট ও ভাড়া নৈরাজ্যে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। সড়ক- মহাসড়কে দীর্ঘ সময় ধরে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। এছাড়া মুষলধারে বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়। তবে ঈদ আনন্দ শেষে এবার চিরচেনা ব্যস্ততায় ফেরার পালা। স্বজনদের সঙ্গে কাটানো আনন্দময় সময় আর শেকড়ের স্মৃতি বুকে নিয়ে আবারও কর্মস্থলে ফিরছেন শ্রমজীবী মানুষ। পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে গতকাল মঙ্গলবার অফিস-আদালত ও ব্যাংক খুলেছে। আর ফেরার প্রথম দিনেই রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে রাজধানীমুখী যাত্রীদের উল্লেখযোগ্য চাপ।
গতকাল মঙ্গলবার সরেজমিনে গাবতলী এলাকায় দেখা যায়, দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে একের পর এক বাস টার্মিনালে এসে ভিড়ছে।
বাস থেকে নেমে হাতে ব্যাগ-লাগেজ নিয়ে নিজ নিজ গন্তব্যের দিকে ছুটছেন মানুষ। টানা ছুটির পর গতকাল থেকে কর্মব্যস্ততা শুরু হওয়ায় গ্রাম থেকে ফেরা মানুষের এই ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে ফেরার এই স্রোতের বিপরীতে কাউকে কাউকে এখনো ঢাকা ছেড়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হতেও দেখা গেছে।
জীবিকার প্রয়োজনে স্ত্রী-সন্তানদের গ্রামেই রেখে কর্মস্থলে ফিরতে হয়েছে আবুল কালাম আজাদকে। তিনি একটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করেন। কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে আসা আজাদ বলেন, ‘কর্মস্থলে যোগ দিতে গ্রামের বাড়িতে মা-বাবাসহ পরিবার-পরিজন ছেড়ে ঢাকায় ফিরতে হয়েছে। কষ্ট লাগলেও দু-চারদিন পর আবার অভ্যস্ত হয়ে যাব। তবে স্ত্রী-সন্তানরা আমার সঙ্গে আসেনি। তারা আরও কয়েক দিন পর ফিরবে।’
বগুড়া থেকে ফেরা মো. খোকন জানান তার স্বস্তির কথা। ভোগান্তি এড়াতে তিনি যাওয়ার সময় আগেভাগেই ফেরার টিকিট কেটে রেখেছিলেন। তিনি বলেন, ‘ভোগান্তি এড়াতে ঈদের আগে যাওয়ার সময়ও বাসের টিকিট কেটে রেখেছি। এ জন্য পেরেশানি ছাড়াই ফিরতে পেরেছি। রাস্তাঘাটেও তেমন যানজট পাইনি। সব মিলিয়ে ঠিকঠাক আসতে পেরে ভালো লাগছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ফেরার এই চাপ আগামী কয়েক দিন বজায় থাকবে। রাবেয়া পরিবহনের কাউন্টার মাস্টার দ্বীন ইসলাম বলেন, ‘কুষ্টিয়া, কুমারখালী, খোকসা থেকে ছেড়ে আসা প্রায় সব বাসই যাত্রীভরা থাকছে। তবে যাওয়ার সময় কিছু বাস খালি যাচ্ছে। কারণ, এখন গ্রাম থেকে ফিরছেন মানুষজন।’ রাজধানীতে কর্মজীবী মানুষের ফেরার এই চাপ আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ঈদ পরবর্তীতে ফিরতি পথে যাত্রীদের চলাচল নির্বিঘœ ও নিরাপদ নিশ্চিত করার জন্য সব গাড়ির চালক, চালকের সহকারী, কোম্পানির মালিক ও মালিক সমিতির কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে সাইফুল আলম বলেন, গাড়ি চলাচলে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং ওভার স্পিড ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার করতে হবে, যাতে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। যাত্রাপথে বয়স্ক মানুষ, শিশু ও নারী যাত্রীদের প্রতি বিশেষ যতœবান হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
তাদের সঙ্গে সঙ্গে, যাত্রীদের কাছ থেকে কোনো অবস্থাতেই বিআরটিএ-এর নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়টি নিশ্চিত করার জন্যও অনুরোধ জানান।